বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন এই বরেণ্য শিল্পী। জন্মদিন উপলক্ষে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন মহলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
জন্মদিন উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। দিনব্যাপী সম্প্রচারিত বিভিন্ন আয়োজনে তুলে ধরা হচ্ছে সৈয়দ আব্দুল হাদীর জনপ্রিয় গান, সংগীতজীবনের নানা স্মৃতি এবং তার শিল্পীজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সংগীতশিল্পী ও গীতিকাররাও অংশ নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন সৈয়দ আব্দুল হাদী। ১৯৬৪ সালে ‘ডাকবাবু’ চলচ্চিত্রে পূর্ণাঙ্গ প্লেব্যাকের মাধ্যমে যাত্রা শুরু করে তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পীতে পরিণত হন। ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘যেও না সাথী’সহ অসংখ্য জনপ্রিয় গান আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে স্থান করে আছে।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া ২০০০ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিও তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে।

