প্রধান খবর

জয়া আহসানের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা চঞ্চল চৌধুরীর, বললেন ‘তুমি আমাদের গর্ব’

জয়া আহসানের জন্মদিন উপলক্ষে ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের মধ্যেই অন্যতম অভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি একটি আবেগঘন বার্তার মাধ্যমে জয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

জয়া আহসানের জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি প্রকাশ করেন চঞ্চল চৌধুরী। ছবিতে দেখা যায়, স্ত্রী ও সন্তানকে নিয়ে ফুল দিয়ে জয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। ছবির ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান, একজনই।’ পোস্টের সঙ্গে তিনি একটি কালো হৃদয়ের ইমোজিও যুক্ত করেন।

চঞ্চল চৌধুরীর এই পোস্ট প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও জয়া আহসানের জন্মদিন উপলক্ষে শুভকামনা জানান এবং তার দীর্ঘ কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন।

বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে সমান জনপ্রিয় জয়া আহসান দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার অভিনয়ের পরিসর দুই বাংলার সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।

জয়ার আসল নাম জয়া মাসউদ। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান ও ছবি আঁকার প্রতি তার আগ্রহ ছিল। পরবর্তীতে অভিনয় জগতে পা রেখে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জয়ার। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’ এবং ‘বিউটি সার্কাস’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেন।

ভারতের বাংলা চলচ্চিত্রেও সমান সফল জয়া আহসান। ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’ এবং ‘কড়ক সিং’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি দুই বাংলার দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

অভিনয় জীবনে অসাধারণ অবদানের জন্য দেশে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন জয়া আহসান। এছাড়া নয়বার অর্জন করেছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। ভারতে তিনি তিনবার ফিল্মফেয়ার বাংলা পুরস্কার জিতে নিজের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছেন।

বর্তমানে পশ্চিমবঙ্গে নির্মিত নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটি আগামী ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলীর মতো জনপ্রিয় শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *