প্রধান খবর

জামালপুরে বিচারক দম্পতির বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে এ ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, একটি হীরের আংটি, নগদ ১ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সিভিল জজ আহমাদুল কবির সাকিল মেলান্দহ সিভিল জজ আদালতে এবং তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। তারা গত সাত মাস ধরে আমলাপাড়া এলাকার একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকছিলেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে বাসায় ফিরে দরজা খুলতে না পেরে সন্দেহ হলে পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় জানালার গ্রিল কাটা, ঘরের আসবাবপত্র তছনছ এবং মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন। ঘটনার সময় বাসায় কেউ না থাকায় সেই সুযোগেই চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাড়ির মালিক জানান, ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি অকার্যকর ছিল। তার দাবি, পরিকল্পিতভাবে চুরির ঘটনাটি ঘটানো হয়েছে। এদিকে, জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *