তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ নিজস্ব জাতীয় স্বার্থ ও জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দেবে এবং এ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ বা উদ্বেগের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তিস্তা নদী তীরবর্তী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নদী শাসন, ড্রেজিং ও পানি সংরক্ষণকে কেন্দ্র করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পে চীনের কারিগরি দক্ষতা ও অর্থায়নের সক্ষমতা রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন।
ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব স্বার্থে উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে প্রতিবেশী বা সংশ্লিষ্ট কোনো দেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ থাকলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে, কিন্তু দেশের সার্বভৌম স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ এই নয় যে, বাংলাদেশ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি থেকে সরে এসেছে। তিস্তা ও গঙ্গাসহ ৫৩টি অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের স্বার্থে নদী শাসন ও পানি ব্যবস্থাপনার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে।

