প্রধান খবর

তিন অভিযোগে দোষী, পাঁচ অভিযোগে খালাস পেলেন ইনু

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আটটি অভিযোগের মধ্যে তিনটিতে দোষী সাব্যস্ত হলেও বাকি পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে আদালত তিন নম্বর অভিযোগে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। এছাড়া ছয় ও সাত নম্বর অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ এবং পৃথকভাবে ১০ বছরের সাজা দেওয়া হয়। তবে দণ্ডগুলো একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে। অন্যদিকে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগে তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলাটি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল এ রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষের ১০ জন এবং আসামিপক্ষের ২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *