বরিশালের বিএম কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিএম কলেজের মসজিদ গেটসংলগ্ন প্রধান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে তারা সড়ক ছেড়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার (২৯ জুন) নগরীর নতুন বাজার এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় বিএম কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহর ওপর হামলা চালানো হয়। হামলার জন্য তারা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের দায়ী করেন। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. তাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

