ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রানিং সেশনের সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আওতায় অন্তর্ভুক্ত করা এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থীদের একাডেমিক পরীক্ষা নিশ্চিত করার দাবিতে পাঁচ কর্মদিবসের আল্টিমেটাম দিয়েছেন ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত সিদ্ধান্ত না এলে চলমান সব ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
রোববার ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের সেশনজট, ফলাফল জট, প্রশাসনিক জটিলতা ও একাডেমিক অনিশ্চয়তার অবসান ঘটানো। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরও রানিং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না থাকায় হাজারো শিক্ষার্থী অনিশ্চয়তায় রয়েছেন।
শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আওতায় অন্তর্ভুক্তি না হলে তাদের একাডেমিক ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। মাস্টার্স শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তারা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। তাদের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখনই স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে, যাতে শিক্ষার্থীরা স্বাভাবিক একাডেমিক ধারায় ফিরতে পারেন।

