প্রধান খবর

পরিবারের অনীহায় অভিযুক্ত অন্তরের মরদেহ গ্রহণ করলেন দূর সম্পর্কের স্বজন

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত প্রধান অভিযুক্ত অন্তর মজুমদারের (২৮) মরদেহ তার নিকটাত্মীয়রা গ্রহণে অনীহা প্রকাশ করায় শেষ পর্যন্ত দূর সম্পর্কের এক চাচাতো ভাইয়ের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) দুপুরে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের পরিবারের সদস্যরা ভয়ের কারণে মরদেহ গ্রহণ করতে রাজি হননি। পরে সংশ্লিষ্ট থানা পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের সহযোগিতায় নিহতের দূর সম্পর্কের এক চাচাতো ভাইকে এনে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব জানান, নিহত অন্তর মজুমদারের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরভাটা এলাকায়। স্বজনরা মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে, লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরূপ পাল জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে, অন্তর মজুমদারের মৃত্যুর ঘটনায় রায়পুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীপাড় এলাকায় একটি বাসায় ঢুকে শাহিনুর বেগম ও তার তিন কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় জনতার গণপিটুনিতে গুরুতর আহত হন অভিযুক্ত অন্তর মজুমদার। পরে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *