লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করতে গিয়ে দেশীয় অস্ত্রের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মতিন। পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামি রাশিদুল ইসলামকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করার পর পোশাক পরিবর্তনের কথা বলে তিনি ঘরে প্রবেশ করেন। পরে দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এসআই রুহুল আমীনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে। আহত কর্মকর্তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

