বিশ্বকাপ ফুটবলের গ্যালারিতে অদ্ভুত সাজে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তুরস্কের সমর্থক ‘উদি নেকো’। তুরস্ক ও অস্ট্রেলিয়ার ম্যাচে টেলিভিশন ক্যামেরায় তার ব্যতিক্রমী উপস্থিতি ধরা পড়ার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় তার ছবি ও ভিডিও।
জানা গেছে, ‘উদি নেকো’র আসল নাম নেচদেত ওলচেরমান। তিনি দীর্ঘদিন ধরে তুরস্ক জাতীয় দল এবং দেশটির জনপ্রিয় ক্লাব বেসিকতাসের নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে পরিচিত। ফুটবলের বড় বড় আসরে নিয়মিত গ্যালারিতে দেখা যায় তাকে।
তার আলোচিত সাজের পেছনেও রয়েছে বিশেষ তাৎপর্য। মুখ কালো রঙে এবং চুল-দাড়ি সাদা রঙে রাঙানোর মাধ্যমে তিনি বেসিকতাস ক্লাবের ঐতিহ্যবাহী কালো-সাদা রঙের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। এছাড়া এই রূপকে ‘ব্ল্যাক বুল’ বা কালো ষাঁড়ের প্রতীক হিসেবেও দেখা হয়, যা শক্তি, ধৈর্য ও অদম্য মানসিকতার প্রতিনিধিত্ব করে।
‘উদি নেকো’ নামটিও এসেছে তার ব্যক্তিগত পরিচয় থেকে। ‘নেকো’ তার নাম নেচদেতের সংক্ষিপ্ত রূপ, আর ‘উদি’ শব্দটি তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘উদ’-এর সঙ্গে সম্পর্কিত সাংস্কৃতিক পরিচয়ের ইঙ্গিত বহন করে বলে জানা যায়।
ফুটবলপ্রেমী এই সমর্থক পেশাগত জীবনে একজন সফল জুয়েলারি ব্যবসায়ী। এছাড়া অতীতে তিনি তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। মাঠের বাইরে সাধারণ জীবনযাপন করলেও গ্যালারিতে তিনি এক অনন্য পরিচয়ে নিজেকে তুলে ধরেন।
তুরস্কের দলীয় পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হলেও বিশ্বকাপের এই আসরে গ্যালারির অন্যতম আলোচিত চরিত্র হয়ে উঠেছেন উদি নেকো। তার ব্যতিক্রমী সাজ এবং ফুটবলের প্রতি গভীর আবেগ বিশ্বজুড়ে সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

