ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়ের ঢাকায় অনুষ্ঠিতব্য কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শুক্রবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুষ্ঠানের এক দিন আগে স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ জানায়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সরকারি অনুমোদন সম্পন্ন করা হয়েছিল। তবে অনিবার্য পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, যারা আগাম টিকিট সংগ্রহ করেছেন তারা নির্ধারিত টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। পাশাপাশি কনসার্টের নতুন তারিখ এবং রিফান্ড প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায়ও। তিনি জানান, আয়োজকদের কাছ থেকেই তিনি এ সিদ্ধান্তের বিষয়ে অবগত হয়েছেন। ফলে তার ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার এই আয়োজন আপাতত অনিশ্চয়তায় পড়েছে।
উল্লেখ্য, ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অনুপম রায়ের পাশাপাশি ‘বেঙ্গল সিম্ফনি’রও পরিবেশনার কথা ছিল।

