দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলস্থ আইভ্যাক (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) কেন্দ্রে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। এ ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে অনলাইনে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনকারীদের পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য, ভ্রমণ সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হলে একটি অ্যাপ্লিকেশন আইডি বা ওয়েব ফাইল নম্বর প্রদান করা হবে, যা পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে।
ভিসা আবেদনের ক্ষেত্রে কমপক্ষে ছয় মাস মেয়াদি পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, বর্তমান ঠিকানার প্রমাণপত্র এবং পেশাভিত্তিক প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। চাকরিজীবীদের জন্য এনওসি, ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা সনদপত্র প্রয়োজন হবে।
আবেদনকারীদের আর্থিক সক্ষমতার প্রমাণও দেখাতে হবে। এ জন্য গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, বৈদেশিক মুদ্রা অ্যান্ডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের তথ্য জমা দেওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অনলাইন আবেদন ও ফি পরিশোধের পর আইভ্যাক কেন্দ্রের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে। সাধারণত আবেদন জমা দেওয়ার পর ন্যূনতম তিন কার্যদিবসের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে পারে, তবে বিশেষ ক্ষেত্রে আরও সময় লাগতে পারে।

