প্রধান খবর

চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ তাজুল ইসলাম। প্রায় দেড় বছর ধরে এ পদে থাকলেও তাকে সরিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে ভাবছে সরকার, ছড়িয়ে পড়ছে এমন আলোচনা। এরই মধ্যে সম্ভাব্য নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আলোচনায় এসেছে আইনজীবী আমিনুল ইসলাম এর নাম।

আমিনুল বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলায় গঠিত আইনজীবী দলের সদস্য ছিলেন। যে মামলায় দণ্ডিত হয়েছিলেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই চিফ প্রসিকিউটরসহ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে পরিবর্তন বা রদবদল হতে পারে, এমন আলোচনা শুরু হয়। রোববার রাতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান-এর একটি ফেসবুক পোস্টকে ঘিরে বিষয়টি আরও জোরালো হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই সাংবাদিক তার পোস্টে লেখেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে এ পদে আইনজীবী আমিনুল ইসলামকে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। এরই মধ্যে তাজুল ইসলামকে প্রতিস্থাপনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।’

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের। এরপর নতুন করে ঢেলে সাজানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই বছরের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *