জামালপুরের সিংহজানী খাদ্য গুদামের এক নিরাপত্তাপ্রহরীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার অভিযোগ থাকলেও তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, সিংহজানী খাদ্য গুদামের নিরাপত্তাপ্রহরী শামীম হোসেন একটি হত্যাচেষ্টা মামলার আসামি। গত ২০ মে জামালপুর সদর থানায় দায়ের করা মামলায় তাকে তৃতীয় আসামি করা হয়। মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ মে এক নারীকে লোহার শাবল দিয়ে আঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ রয়েছে, মামলার পরও শামীম হোসেন নিয়মিতভাবে কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে মামলার বাদীপক্ষের দাবি, গুরুত্বপূর্ণ আসামি হওয়ার পরও তাকে গ্রেপ্তারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
অন্যদিকে খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসরাত হোসেন জানিয়েছেন, শামীমের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি তার জানা ছিল না। তবে তিনি নিয়মিত অফিসে উপস্থিত হচ্ছেন বলে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে শামীম হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানিয়েছেন, বিষয়টি তদন্ত কর্মকর্তার মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

