প্রধান খবর

বড়লেখা সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটর এবং ধারালো অস্ত্র।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তসংলগ্ন মিশন এলাকায় অভিযান চলাকালে রাত সাড়ে ৩টার দিকে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তারা গভীর জঙ্গল ও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, প্রায় তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি। এসব সামগ্রী সীমান্ত পিলার ১৩৮৫/এম-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তর থেকে উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং সংশ্লিষ্টদের শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *