রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক মমতাজ বেগমকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানিতে অংশ নেন।
গ্রেপ্তারের আবেদনে উল্লেখ করা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলার ঘটনার সঙ্গে আসামির সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন এবং পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর এলাকায় আন্দোলনের সময় মুক্তার হোসেন নামে এক ব্যক্তি আহত হন। অভিযোগে বলা হয়, আন্দোলন দমনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যেখানে মমতাজ বেগমকে সন্দিগ্ধ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। এরপর আদালতের নির্দেশে রিমান্ড শেষে তিনি কারাগারে রয়েছেন।

