প্রধান খবর

সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খানসহ ১৭৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাকুর মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এজাহারে নাম থাকা কোনো আসামিকে এখনো আটক করা সম্ভব হয়নি।

থানা সূত্রে জানা যায়, ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রাব্বি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খানকে। এছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকেও মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১৬ জুন রাতে অভিযুক্তরা ভোলাকোট ইউনিয়নের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারবিরোধী বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে গেলে বাদী ও তার সহযোগীদের ওপর হামলার অভিযোগও আনা হয়েছে।

এদিকে, মামলার বিষয়ে বক্তব্য জানতে বাদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে, স্থানীয় ছাত্রদল নেতারা জানিয়েছেন, বাদী রবিউল হাসান রাব্বি পূর্বে ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বে থাকলেও সংশ্লিষ্ট কমিটি এক মাস আগে স্থগিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *