টাঙ্গাইলের আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। কৃষক কার্ড গ্রহণের একটি ঘটনায় জাতীয় পর্যায়ে আলোচনায় আসা এই কৃষক বুধবার (২৪ জুন) জানাজা শেষে নিজ এলাকার কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন।
সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে তারটিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাতে নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে কবির হোসেন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাজার পূর্বে ভার্চুয়ালি বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহসভাপতি মির ফরহাদ আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, কৃষি বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।

