একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে জোড়া গোল করে দলকে নকআউটে তোলার পাশাপাশি তিনি বিশ্বকাপের সর্বকালের শীর্ষ গোলদাতা হিসেবে নতুন ইতিহাস লিখেছেন। প্রথম দুই ম্যাচে পাঁচ গোলসহ তার মোট গোল এখন ১৮, যা ফুটবল বিশ্বকে বিস্মিত করেছে।
অস্ট্রিয়ার বিপক্ষে প্রায় পুরো ম্যাচ খেলায় বিশ্বকাপে মেসির মোট খেলার সময় দাঁড়িয়েছে ২,৪৮৯ মিনিট। এর আগে কাতার ২০২২-এর ফাইনালে তিনি ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ড ভেঙেছিলেন। ২০০৬ সালে অভিষেকের পর থেকে বিশ্বকাপে মেসির ম্যাচসংখ্যা এখন ২৮। কাতার বিশ্বকাপের ফাইনালেই তিনি লোথার ম্যাথিউসের ২৫ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন, আর আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলে সেই রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেলেন।
অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৮তম জয়। এর আগে ১৭ জয় নিয়ে শীর্ষে ছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। ২০০৬ থেকে ২০২৬ টানা ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে মেসি এই নতুন মাইলফলক গড়লেন। বয়সকে হার মানিয়ে তার ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করছে, বিশ্বমঞ্চে এখনও তিনি আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা।

