প্রধান খবর

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কয়েকজন সাংবাদিক ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল-পরবর্তী ব্রিফিং চলাকালে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে কয়েকজন সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে।

হামলায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া সাংবাদিক মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। এছাড়া কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশান এবং যমুনা টেলিভিশনের রিপোর্টার রাব্বী সিদ্দিকী হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। আহত শিশিরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগীদের দাবি, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেননি। তবে এ বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, জামায়াতের স্থানীয় নেতা মুজিবুর রহমান খান দাবি করেন, বহিরাগত কেউ কর্মসূচির মধ্যে প্রবেশ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে থাকতে পারে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *