ঢাকার একটি আদালতে হাজিরা দিতে এসে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আদালত কক্ষে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যাচেষ্টা মামলায় হাসানুল হক ইনু ও রাসেদ খান মেননকে হাজির করা হয়। শুনানিকালে তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।
শুনানি শেষে আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ইনু অভিযোগ করেন, দীর্ঘ সময় হাজতখানায় রাখা হয়েছে এবং তিনি কারাগারে অবস্থানকালে আদালত ও আইন সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন কার্যক্রম নথিবদ্ধ করে রাখছেন। একই সঙ্গে বিচারব্যবস্থা সম্পর্কেও তিনি সমালোচনামূলক মন্তব্য করেন।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তার বক্তব্যে আপত্তি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে ইনুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপন করা হয়। আদালত এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
পরে আদালত সংশ্লিষ্ট মামলায় হাসানুল হক ইনু ও রাসেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর নাজিমউদ্দীন রোড এলাকায় মিছিল চলাকালে মোখলেছিন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নতুন করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

