প্রধান খবর

সুইজারল্যান্ডে শুরু যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফার আলোচনা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার কূটনৈতিক আলোচনা সুইজারল্যান্ডে শুরু হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (২১ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এ আলোচনায় অংশ নিতে দুই দেশের প্রতিনিধিদল ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ) অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা চলছে। তারা আশা প্রকাশ করেছে, চলমান বৈঠকগুলো একটি সর্বাত্মক ও দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তি তৈরি করবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে, যেখানে আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়। ওই সমঝোতায় সব ধরনের শত্রুতামূলক কার্যক্রম বন্ধ, ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ওপর নৌ অবরোধ শিথিল এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

বিশ্লেষকদের মতে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই বৈঠক সমঝোতা স্মারকের বাস্তবায়ন এবং একটি চূড়ান্ত সমঝোতার দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক মহলও আলোচনার অগ্রগতির দিকে গভীর নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *