মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে দ্বিপক্ষীয় সরকারি সফরে আজ কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় সংক্ষিপ্ত সফর শেষ করে তিনি সরাসরি চীনের বেইজিংয়ে যাবেন। সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। আজ রোববার (২১ জুন) বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফরে মূলত বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজারের উন্নয়ন, সে দেশে জনশক্তি রপ্তানি বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ আকর্ষণের বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী বেইজিং পৌঁছাবেন। তাঁর এই ঐতিহাসিক চীন সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরকালে দুই দেশের মধ্যে প্রায় ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল অন্তর্ভুক্ত রয়েছে।
পররাষ্ট্রসচিব আরও জানান, এই সফরে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হবে। এবারের সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলটি তুলনামূলক ছোট রাখা হয়েছে, যেখানে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় সামার দাভোস ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। এরপর ২৫ জুন তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সফরের শেষ পর্যায়ে ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দুই দেশের অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
সফর শেষে আগামী শুক্রবার (২৬ জুন) রাতে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।

