প্রধান খবর

দৌলতদিয়া বাসডুবি: তদন্তে উঠে এলো একাধিক কারণ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে দাখিল করেছে। প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে বাসটির ভিন্ন রুট ব্যবহার, যান্ত্রিক ত্রুটি এবং বৈধ ফিটনেস সনদ না থাকার মতো একাধিক কারণ উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটির সূত্র জানায়, প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ফেরিঘাট ও অ্যাপ্রোচ সড়কের উন্নয়ন, ঘাট ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর সুপারিশ করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদনটি নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৫ জুন দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র‌্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ কয়েকজন আহত হন। ঘটনার পর নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে একই ঘাটে আরেকটি যাত্রীবাহী বাস নদীতে ডুবে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব দুর্ঘটনার পর ফেরিঘাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *