প্রধান খবর

মস্কো লক্ষ্য করে বড় ড্রোন হামলা, ১৭২টি ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর চালানো ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাতে পরিচালিত হামলায় মোট ১৭২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ রাজধানী মস্কোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের বিভিন্ন অঞ্চলের আকাশসীমায় ড্রোনগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, দিনের শুরু থেকে রাজধানীমুখী অন্তত ৬০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সরকারি হিসাবে এটি চলতি বছরে মস্কোর ওপর পরিচালিত বৃহত্তম ড্রোন হামলাগুলোর একটি।

হামলার ফলে মস্কোর একটি তেল শোধনাগারের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সোবিয়ানিন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা উৎপাদন কার্যক্রমে এর প্রভাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া দক্ষিণাঞ্চলের একটি গ্রামে তেল সংরক্ষণাগারে আগুন লাগার ঘটনাও ঘটেছে। কর্তৃপক্ষের দাবি, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুনের সূত্রপাত হয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর পূর্বাঞ্চলের একটি শহরের আবাসিক ভবনও হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *