প্রধান খবর

রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও ১০ জেলা

দেশের রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে আরও ১০ জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকার পার্শ্ববর্তী এলাকা এবং দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলা নতুন রেল সংযোগের সুবিধা পাবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় রেল মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক যোগাযোগ ও সংযোগব্যবস্থা আরও উন্নত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলমান ও ভবিষ্যৎ প্রকল্পগুলোর বাস্তবায়নের মাধ্যমে রেল খাতকে আরও আধুনিক ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্পের পাশাপাশি ধীরাশ্রমে একটি আইসিডি কনটেইনার প্রকল্প অনুমোদন পেয়েছে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম রেলপথের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মিটারগেজ ও ব্রডগেজ সংযোগ উন্নয়নের কাজও এগিয়ে চলছে।

নতুন করে রেল যোগাযোগের আওতায় আসতে যাওয়া জেলাগুলো হলো— শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুর। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব জেলায় রেল সংযোগ চালু হলে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *