জাপানের পূর্বাঞ্চলে রাজধানী টোকিওর নিকটবর্তী এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সংঘটিত এ ভূমিকম্পে বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ইবারাকি প্রিফেকচার এলাকায়, যার গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার। প্রাথমিক পর্যবেক্ষণে ভূমিকম্পটির মাত্রা ৫.৫ নির্ধারণ করা হয়েছে।
দেশটির ভূমিকম্প তীব্রতা নির্ণায়ক স্কেলে কম্পনটির মাত্রা ছিল সর্বোচ্চ ৭-এর মধ্যে ‘লোয়ার ৫’, যা মাঝারি থেকে তুলনামূলক শক্তিশালী কম্পন হিসেবে বিবেচিত হয়। ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্কতা জারি করা হলেও সুনামির কোনো ঝুঁকি শনাক্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত অবকাঠামোগত বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে নিয়মিত এমন কম্পন অনুভূত হলেও দুর্যোগ মোকাবিলায় দেশটির প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা অত্যন্ত উন্নত বলে বিবেচিত হয়।

