দক্ষিণী সিনেমার আলোচিত জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে ফের জোরালো হয়েছে প্রেম ও বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথিত বিয়ের নিমন্ত্রণপত্র ভাইরাল হওয়ার পর ভক্তমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ভাইরাল কার্ডে দাবি করা হয়েছে, চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
ফাঁস হওয়া কার্ড অনুযায়ী, রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহাসিক প্রাসাদে অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। আয়োজনটি পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে সম্পন্ন হবে বলেও উল্লেখ রয়েছে। তবে নিমন্ত্রণপত্রটির সত্যতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এদিকে বিয়ের পর ৪ মার্চ হায়দ্রাবাদের কৃষ্ণা বানজারা হিলস এলাকায় একটি প্রীতিভোজের আয়োজনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি হায়দ্রাবাদ বিমানবন্দরে তাদের আলাদাভাবে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। অনেকের ধারণা, বিয়ের প্রস্তুতি কিংবা ব্যক্তিগত সফরেই তারা গোপন গন্তব্যে পাড়ি জমিয়েছেন।
২০১৭ সালে গীত গোবিন্দম-এর সেটে প্রথম পরিচয় হয় এই জুটির। পরবর্তীতে ডিয়ার কমরেড-এ একসঙ্গে কাজের মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। গত বছর বাগদানের গুঞ্জন উঠলেও দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। এখন ভক্তদের অপেক্ষা ২৬ ফেব্রুয়ারি সত্যিই কি সানাই বাজবে?

