প্রধান খবর

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নেতৃত্বাধীন প্রশাসন জনস্বাস্থ্য ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানিয়েছেন, নতুন বিধি কার্যকর হলে খোলা স্থানে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। কেবলমাত্র লাইসেন্সধারী ও অনুমোদিত দোকানে এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে। তিনি বলেন, বিধি লঙ্ঘন করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সিদ্ধান্ত কার্যকরের নির্দিষ্ট সময়সীমা ও শাস্তির ধরন এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশ রাজ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর সরকার ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল। বিহারের সাম্প্রতিক সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, বিহারে পূর্ব থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে রাজ্য সরকার নীতিগত কঠোরতার আরও একটি পদক্ষেপ গ্রহণ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *