ওমান উপকূলের নিকটবর্তী গালফ অব ওমানে চলাচলরত একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় নাবিকদের সংগঠন ফরওয়ার্ড সীমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া।
নিহতরা হলেন আদিত্য শর্মা ও শিবানন্দ চৌরাসিয়া। এছাড়া জাহাজটির প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশের খোঁজ এখনও পাওয়া যায়নি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ট্যাঙ্কারটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন, যাদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর ভারত সরকার যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে নিখোঁজ নাবিকের সন্ধান এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে নয়াদিল্লি।
অন্যদিকে মার্কিন সেন্টকম দাবি করেছে, তারা একটি নির্দিষ্ট সামরিক অভিযানে ট্যাঙ্কারটির ইঞ্জিন কক্ষ অকার্যকর করেছে। তাদের অভিযোগ, জাহাজটি ইরানি তেল পরিবহন করছিল এবং মার্কিন নির্দেশনা অমান্য করেছিল।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যিক নৌ চলাচল নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ভারত।

