প্রধান খবর

স্কয়ার হাসপাতালে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি

দেশে প্রথমবারের মতো রোবোটিক এমআরআই-ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি সফলভাবে সম্পন্ন করেছে স্কয়ার হাসপাতাল। অত্যাধুনিক ‘মোনা লিসা ডিএক্স’ রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে হাসপাতালের ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট অধ্যাপক ডা. এন আই ভূঁইয়ার নেতৃত্বে ছয়জন রোগীর বায়োপসি সম্পন্ন করা হয়।

গত ৭ জুন রাজধানীর ধানমন্ডিস্থ স্কয়ার হাসপাতালে এই বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, প্রোস্টেট ক্যানসার শনাক্তে রোবোটিক এমআরআই-ইউএসজি ফিউশন বায়োপসি বিশ্বজুড়ে স্বীকৃত একটি আধুনিক ও নির্ভুল পদ্ধতি। বাংলাদেশে এই প্রযুক্তির ব্যবহার প্রথম হওয়ায় দেশের চিকিৎসা খাতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পদ্ধতিতে রোগীর পূর্ববর্তী এমআরআই স্ক্যান এবং তাৎক্ষণিক আল্ট্রাসাউন্ড চিত্র একত্রিত করে প্রোস্টেটের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা হয়। পরে রোবোটিক গাইডেন্সের মাধ্যমে ক্যানসার-সন্দেহভাজন অংশ থেকে অত্যন্ত নিখুঁতভাবে টিস্যুর নমুনা সংগ্রহ করা সম্ভব হয়। ফলে রোগ নির্ণয়ের সঠিকতা বৃদ্ধি পায় এবং পুনরায় বায়োপসির প্রয়োজনীয়তা কমে আসে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে এই প্রযুক্তির সফল প্রয়োগ ইউরোলজি চিকিৎসাকে আন্তর্জাতিক মানের আরও কাছাকাছি নিয়ে যাবে। একই সঙ্গে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য বিদেশমুখী রোগীদের নির্ভরতা কমিয়ে দেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *