ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হেনেছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সোমবারের এই কম্পনের পর শুধু ফিলিপাইন নয়, প্রতিবেশী ইন্দোনেশিয়া ও জাপানেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে যা শক্তিশালী কম্পনের অন্যতম কারণ।
ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ফিভলকস ভূমিকম্পটির মাত্রা ৭ বলে উল্লেখ করেছে। সংস্থাটি সতর্ক করেছে, উপকূলীয় এলাকায় এক মিটারের বেশি উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে এবং এর প্রভাব কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরবর্তী কম্পন নিয়ে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।
ইন্দোনেশিয়া ও জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও উপকূলীয় জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ভূমিকম্পের পরপরই সুনামি পর্যবেক্ষণ কেন্দ্রগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

