প্রধান খবর

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীরা। শনিবার ভোরে সীমান্তের হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও বিজিবির তথ্যমতে, সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫ সংলগ্ন এলাকায় ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি।

স্থানীয়দের দাবি, বিএসএফ কাঁটাতারের বেড়ার একটি অংশ খুলে দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পরে তারা সীমান্তের ভারতীয় অংশে ফিরে গেলেও বিএসএফ তাদের গ্রহণ করেনি। বর্তমানে তারা কাঁটাতারের বেড়ার নিকটবর্তী ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।

সীমান্ত এলাকায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী অবস্থান করছে। বিজিবি হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পুশইন প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বিএসএফকে আহ্বান জানাচ্ছে। তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, বাংলাদেশের সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন মেনে নেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *