আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ইউরোপে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সর্বশেষ তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ক্যাম্পে যোগ দেওয়ায় পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন শুরু করেছেন কোচ টমাস ডুলি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ডুলির সঙ্গে সাক্ষাৎ হলো হামজা চৌধুরীর।
আগামী ৫ জুন স্বাগতিক সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে গত সোমবার ইউরোপের দেশটিতে পৌঁছায় জাতীয় দলের সদস্যরা। এর আগে প্রবাসী ফুটবলার সামিত সোম ও জায়ান আহমেদ ক্যাম্পে যোগ দেন। হামজার আগমনের মধ্য দিয়ে এখন দলের সব খেলোয়াড় প্রস্তুতি কার্যক্রমে যুক্ত হয়েছেন।
দীর্ঘ ভ্রমণের কারণে প্রথম দিন ফুটবলাররা হালকা রিকভারি সেশন করলেও পরবর্তী সময় থেকে পুরোদমে অনুশীলন শুরু হয়েছে। সান মারিনোর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কৌশলগত প্রস্তুতির পাশাপাশি শারীরিক ফিটনেস নিয়েও কাজ করছেন খেলোয়াড়রা।
দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, সান মারিনোর আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। একদিন ঠান্ডা অনুভূত হলেও পরদিন তাপমাত্রা বাংলাদেশের মতোই ছিল। ফলে ভিন্ন আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে খেলোয়াড়রা ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করছেন।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া অনুশীলনে প্রায় ৯০ মিনিট ধরে নিবিড় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। আসন্ন ম্যাচে ভালো ফলের লক্ষ্যে নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীসহ জাতীয় দলের ফুটবলাররা।

