যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার শর্মা এএফপিকে জানিয়েছেন, এই অভিযানের একমাত্র লক্ষ্য হলো জাহাজগুলোকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা।
আটকে থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে একটি এলপিজিবাহী ট্যাংকার, পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, একটি রাসায়নিক ট্যাংকার, তিনটি কন্টেইনার জাহাজ, দুটি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার। পরিস্থিতি মোকাবিলায় ভারতের বন্দর ও জলপথ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস এবং সামুদ্রিক স্টেকহোল্ডাররা সমন্বিতভাবে কাজ করছে।
ইতোমধ্যে আটকে থাকা জাহাজগুলোর একটি, ‘নিসোস কেরোস’ নামের অপরিশোধিত তেলবাহী ট্যাংকারটি হরমুজ প্রণালি থেকে বের হয়ে ভারতের তামিলনাড়ুর বিশাখাপত্তমের দিকে রওনা দিয়েছে। প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল বহনকারী জাহাজটি ২৫-২৬ মে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করে।
উপেশ কুমার শর্মা জানিয়েছেন, আটকে থাকা ১৩টি জাহাজে মোট ৩ হাজার ৪০০ জন নাবিক ও ক্রু রয়েছেন। তাদের সবাইকে অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনা এই জরুরি অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

