প্রধান খবর

সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল

সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ নিয়ে জারি করা বিতর্কিত ‘ড্রেস কোড’ সংক্রান্ত নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ বেতার। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার পর রোববার (২৪ মে) নতুন অফিস আদেশ জারি করে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এএসএম জাহীদের স্বাক্ষরিত নতুন আদেশে জানানো হয়েছে, সংবাদ উপস্থাপকদের পোশাকবিষয়ক পূর্বের অফিস নির্দেশনা আর কার্যকর থাকবে না। এর আগে গত ৪ মে কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক নির্দেশনায় নারী ও পুরুষ উপস্থাপকদের জন্য পৃথক পোশাকবিধি নির্ধারণ করা হয়েছিল।

ওই নির্দেশনায় নারী উপস্থাপকদের শাড়ি অথবা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরিধানের কথা বলা হয়। পাশাপাশি বড় টিপ ব্যবহার না করা এবং একপাশে ওড়না না পরার নির্দেশনাও ছিল। পুরুষ উপস্থাপকদের ফুলহাতা শার্ট ও টাই পরতে বলা হয়েছিল। এছাড়া টি-শার্ট ও গেঞ্জি পরিধানেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নির্দেশনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অনেকে এটিকে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং নারী উপস্থাপকদের ক্ষেত্রে বৈষম্যমূলক বলে মন্তব্য করেন। পরে বিতর্কের মুখে বাংলাদেশ বেতার সেই নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *