বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেল থেকে দায়িত্ব ছাড়ার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেছেন, কখনোই জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দাবি করেননি; বরং যেখানে কাজ করে আনন্দ পান, সেখানেই দায়িত্ব পালন করতে প্রস্তুত।
বৃহস্পতিবার (২১ মে) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন বলেন, তিনি সবসময় দেশের ক্রিকেটের জন্য কাজ করতে চান। জাতীয় দলের সঙ্গে ১৮ মাস কাজ করার অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। নতুন করে বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্ব নিতে যাচ্ছেন এই কোচ।
সালাউদ্দিন বলেন, “আমি কোনো দিন বলিনি আমাকে জাতীয় দলের কোচ বানাতেই হবে। দিনশেষে আমি একজন কোচ। যেখানে কাজ করে ভালো লাগবে, সেখানেই কাজ করব।” তিনি আরও জানান, জাতীয় দল থেকে সরে গেলেও ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক কমবে না এবং খেলোয়াড়দের পাশে থাকবেন আগের মতোই।
বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সালাউদ্দিন। তার মতে, দেশের মাটিতে টেস্টে ধারাবাহিক ভালো ফল এবং বিদেশের কঠিন সফরে কিছু জয় পেলে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

