রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) আইনমন্ত্রী জানান, আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার কার্য দ্রুত সম্পন্ন করতে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।
গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি আবাসিক ভবন থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ স্বপ্না আক্তারকে আটক করে এবং পরে আত্মগোপনে থাকা প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। এছাড়া তিনি ম্যাজিস্ট্রেটের কাছেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি দিয়েছেন।
এদিকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রামিসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়িতে শিশুটিকে দাফন করা হয়েছে।

