জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু অর্থনৈতিক অনিয়ম নয়, দায়িত্ব পালনে গাফিলতিও এক ধরনের দুর্নীতি। সরকারি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে অবহেলা কিংবা দায়িত্বহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে অনেক ক্ষেত্রে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার সঠিকভাবে চিহ্নিত হচ্ছে না। বরং তুলনামূলক সচ্ছল পরিবার সুবিধা পেলেও চরম দরিদ্র মানুষ উপেক্ষিত থেকে যাচ্ছে।
ডেপুটি স্পিকার বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া। তাই তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়নে সর্বোচ্চ স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। কোথাও অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

