আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া ফুটবল কল্পনা করতেই মন খারাপ হয়ে যায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মেসির ভবিষ্যৎ ও আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন নিয়ে কথা বলেন।
কনমেবলের এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, বিশ্বকাপ সবসময়ই কঠিন প্রতিযোগিতা। শুধু ভালো খেললেই হয় না, সাফল্যের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও ধারাবাহিকতা। তিনি জানান, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি আবেগঘন প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “মেসিকে খেলতে দেখা দারুণ অনুভূতি। সে আর খেলবে না—এটা ভাবতেই খারাপ লাগে। যেমনটা একসময় ম্যারাডোনার ক্ষেত্রেও হয়েছিল। কিংবদন্তিরা ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকেন।”
আর্জেন্টিনা কোচ আরও বলেন, দলের খেলোয়াড়দের সঙ্গে সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হয়। অতিরিক্ত চাপ বা অপ্রয়োজনীয় তথ্য না দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই খেলোয়াড়দের জানানো হয়, যাতে তারা স্বাভাবিকভাবে নিজেদের সেরাটা দিতে পারে।
স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং লা ফিনালিসিমা জয়ের গৌরব অর্জন করেছে। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই এগোচ্ছে আলবিসেলেস্তেরা।

