প্রধান খবর

মৌচাক-নতুনবাজার: হকার দখল ও পরিবহনের অনিয়মে নাজেহাল নগরবাসী

মৌচাক থেকে নতুনবাজার পর্যন্ত রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটি এখন নগরবাসীর কাছে এক বিভীষিকাময় দুর্ভোগের নাম। ঢাকায় প্রবেশের পর ট্রাক ও ভারী যানবাহনের একমাত্র চলাচলের পথ হওয়ায় সড়কটির বেহাল দশা যাত্রীদের কষ্টকে চরমে তুলেছে। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই লেগে যায় দুই থেকে তিন ঘণ্টা।

যাত্রীদের অভিযোগ, দীর্ঘ যানজটে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি। অর্ধেক রাস্তা হকারদের দখলে, মেরুলের ইউলুপ কার্যকর নয়, আর বাসচালকদের সীমাহীন অনিয়ম সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

বুধবার দুপুরে নতুনবাজার এলাকায় দেখা যায়, একটি অ্যাম্বুলেন্স দীর্ঘ যানজটে আটকে আছে। সামনে এগিয়ে দেখা গেল রাইদা পরিবহনের একটি বাস সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তুলছে, আর তার পেছনে একই পরিবহনের আরেকটি বাস বাঁকা করে দাঁড়িয়ে পথ আটকে রেখেছে।

দুই বাসের প্রতিযোগিতায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আধা কিলোমিটার পেছনে থাকা অ্যাম্বুলেন্সটি জানেই না কেন তারা আটকে আছে। চালকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে প্রশ্ন করলে রাইদা পরিবহনের চালক রাসেল মিয়া বিরক্তি নিয়ে বলেন, “আমরা এভাবেই গাড়ি চালিয়ে অভ্যস্ত।”

এ দৃশ্য এখন বছরের পর বছর একই রকম মৌচাক, মালিবাগ, রামপুরা, বাড্ডা, উত্তর বাড্ডা হয়ে নতুনবাজার পর্যন্ত পুরো সড়কজুড়ে দিন-রাত যানজট লেগেই থাকে। বিশেষ করে অফিস শুরুর ও ছুটির সময়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। কখনো কখনো রাত ২টা পর্যন্ত যানজট থাকে।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, সড়ক ব্যবস্থাপনার কিছুই ঠিকমতো কাজ করছে না। ফুটপাত দখল করে রেখেছে হকাররা, গণপরিবহন যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করাচ্ছে, আর ফ্লাইওভার ও ইউলুপ ঠিক করতে গিয়ে নিচের রাস্তা আরও খারাপ অবস্থায় পড়ে আছে। তার মতে, এই শহর হয়ে গেছে “মৃতদের শহর” এমন চ্যালেঞ্জিং পরিবেশে মানুষের অনুভূতিও নিস্তেজ হয়ে যাচ্ছে। তিনি মনে করেন, এই সড়কে ছোট গাড়ি নিয়ন্ত্রণ জরুরি, কারণ ট্রাফিক চাপ অত্যন্ত বেশি।

ন্যাশনাল ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র প্রভাষক স্নেহা রোজারিও বলেন, মৌচাক থেকে রামপুরার বাসায় পৌঁছাতে ১০ মিনিটের পথ এখন ৪০ মিনিট লাগে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিনই ভোগান্তিতে পড়ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *