স্পেনের ক্যানারি দ্বীপগামী প্রমোদতরী এমভি হোন্ডিয়াসে প্রাণঘাতী হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ছয়জন এবং কয়েকজন যাত্রী অসুস্থতার উপসর্গে ভুগছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, কেপ ভার্দ থেকে যাত্রা করা জাহাজটিতে বিভিন্ন দেশের মোট ১৪৭ জন যাত্রী ছিলেন। গত ২ মে জাহাজটিতে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে কয়েকজনকে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) জানিয়েছে, জাহাজে থাকা মার্কিন নাগরিকদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের নিরাপদে সরিয়ে নিতে বিশেষ চিকিৎসা প্রত্যাবাসন পরিকল্পনাও গ্রহণ করেছে সংস্থাটি।
বিশেষজ্ঞদের মতে, হান্টা ভাইরাস মূলত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। ভাইরাসটির কিছু ধরন গুরুতর শ্বাসকষ্ট ও ফুসফুসজনিত জটিলতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ‘এন্ডিজ ভাইরাস’ স্ট্রেইনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যার মৃত্যুহার তুলনামূলক বেশি।

