রাঙ্গামাটির সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হওয়ার ঘটনায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। রোববার দুপুর ১২টা পর্যন্ত দিঘীনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।
শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ইউপিডিএফ এ কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকের শুকনোছড়া এলাকায় সাংগঠনিক কার্যক্রম শেষে ফেরার সময় ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ হামলার জন্য বর্ণ চাকমার নেতৃত্বাধীন একটি সশস্ত্র গ্রুপকে দায়ী করেছে সংগঠনটি।
ইউপিডিএফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

