ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর সব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠানের অধীন বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) ওয়াশিংটন অ্যাকর্ডের আওতায় ছয় বছরের জন্য এ স্বীকৃতি প্রদান করেছে।
স্বীকৃতিপ্রাপ্ত প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে আনন্দ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আব্দুর রব। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের ফলে সংশ্লিষ্ট প্রোগ্রামগুলোর শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ এবং বৈশ্বিক কর্মসংস্থানের ক্ষেত্রে আরও বেশি সুযোগ ও গ্রহণযোগ্যতা লাভ করবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ সঙ্গীত পরিবেশন করে উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।

