তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত ফেব্রুয়ারি মাসে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম চীন সফর। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৫ মে থেকে ৭ মে পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনে অবস্থান করবেন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে। নতুন সরকারের অধীনে চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রাখছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, বিএনপি সরকার গঠনের পর এটি চীনে বাংলাদেশের দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে গত ২০ এপ্রিল চীন সফরে গিয়েছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরের কয়েক দিন আগেই চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল বেইজিং সফর করে। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, একের পর এক এই সফরগুলো দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত করার ইঙ্গিত দিচ্ছে।

