রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘আইপি অ্যান্ড স্পোর্টস : রেডি, সেট, ইনোভেট’, যেখানে ক্রীড়া ও উদ্ভাবনে মেধাসম্পদের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মো. ফরিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপউপাচার্য (প্রশাসন) মাঈন উদ্দিন এবং উপউপাচার্য (শিক্ষা) মোহা. ফরিদ উদ্দীন খানসহ বিভিন্ন অনুষদের ডিন ও আইকিউএসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মেধাসম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্রীড়া ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে এর ভূমিকা দিন দিন বাড়ছে।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও গবেষণার আগ্রহ বাড়াতে সহায়ক হবে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

