প্রধান খবর

দিল্লিতে ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেতে যাচ্ছেন। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ৪ থেকে ৮ মে ভারতের রাজধানী নয়াদিল্লি-তে অনুষ্ঠিতব্য এ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুনা লায়লা। এর আগে এ সম্মাননা পেয়েছেন জোহরা সেহগাল, মৈত্রীপালা সিরিসেনা এবং সেনিয়া রেবেক্কানা। চতুর্থ বিশিষ্ট ব্যক্তি হিসেবে এ তালিকায় যুক্ত হচ্ছেন তিনি।

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা এক শুভেচ্ছাবার্তায় জানান, কয়েক দশক ধরে রুনা লায়লার সুমধুর কণ্ঠ ভারত ও বাংলাদেশের মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখেছে। তার সংগীত দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উৎসবটি অনুষ্ঠিত হবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্র প্রাঙ্গণে। এবারের আসরে নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্ব পাবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে রুনা লায়লা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই দিনে একটি সংগীতানুষ্ঠানে অংশ নিতে তিনি সিলেট সফরেও গেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *