প্রায় তিন মাস ধরে অধ্যক্ষবিহীন থাকায় রাজশাহী নার্সিং কলেজ-এর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিনের এই শূন্যতায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, প্রশাসনিক নেতৃত্বের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানটি একাধিক সংকটে পড়েছে এবং তা দ্রুত সমাধান করা জরুরি।
কর্মসূচিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতারা বলেন, অধ্যক্ষ না থাকায় শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরাও নিয়মিত স্টাইপেন্ড পাচ্ছেন না। তিন দিনের মধ্যে অধ্যক্ষ নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছে Bright Life Volunteers নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংশ্লিষ্টদের মতে, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে শিক্ষা কার্যক্রম আরও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

