হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র দাবদাহের প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিশু ও বয়স্কসহ অসংখ্য রোগী ডায়রিয়াজনিত উপসর্গ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা যায়, প্রতিদিনই ডায়রিয়া ও পেটের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে অন্তত ৫৭ জন রোগী আন্তঃবিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি জরুরি ও বহির্বিভাগে দেড় হাজারের বেশি রোগী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। শিশু ও বয়স্কদের মধ্যে আক্রান্তের হার তুলনামূলক বেশি।
চিকিৎসকরা জানান, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং অতিরিক্ত গরম মানবদেহে বিরূপ প্রভাব ফেলছে। দূষিত পানি পান, খোলাবাজারের অস্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অবহেলার কারণে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় বিশুদ্ধ পানি পান, খাবার ঢেকে রাখা এবং নিয়মিত হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতে, পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখা হয়েছে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে বেশি করে খাবার স্যালাইন পান করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

