চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে পুরাতন জাহাজের মালামাল বিক্রির অন্তত ১২টি দোকান। স্থানীয়দের ধারণা, ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে।
আগুন লাগে গতকাল রাত সাড়ে ৯টার দিকে, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও পাম্পসংলগ্ন মার্কেটে। রাতের ব্যস্ত সময়ে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে রাত সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে যানচলাচল বন্ধ রাখতে হয়।
স্থানীয়রা জানান, একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের যন্ত্রাংশ, ইলেকট্রনিকস ও অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং চট্টগ্রাম নগরীর বায়েজিদ স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

